১৫ নভেম্বর ২০২৬, ১১:০৭

ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, মার্কিন দূত জ্যারেড কুশনার  © সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। এমন প্রস্তাবের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের মধ্য দিয়ে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের ব্যবস্থা থাকলে প্রস্তাবটি গণভোটে দিতে পারেন তিনি।

বিবিসি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর শনিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ‘ইউক্রেইন যদি নেটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেইন কি তখন দনবাস থেকে সরে আসবে?’ এই প্রথমবার এমন প্রশ্ন তোলা হল।’

তিনি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের বিষয়টি নিশ্চিত করা হলে তিনি প্রস্তাবটি গণভোটে দেবেন।

যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেন দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে রাশিয়ার হামলার আশঙ্কা মোকাবিলায় দেশটি এই সামরিক জোটের নিরাপত্তা নিশ্চয়তা চায়। তবে রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করে আসছে। মস্কোর দাবি, নিজেদের সীমান্তের কাছে ন্যাটোর আরেকটি সদস্যরাষ্ট্রের উপস্থিতি তারা মেনে নেবে না।

জেলেনস্কি নিয়মিতভাবে বলে আসছেন, রাশিয়ার দাবি মেনে ইউক্রেন দনবাসের মতো সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দেবে না। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘নেটোর বিষয়টি আবারও আলোচনার সূচিতে ফিরে এসেছে।’

মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৃহস্পতিবার ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের আগে তারা রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা করেন।

তবে পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার আগের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার বিষয়ে মস্কোর দাবিগুলো কিয়েভের মেনে নেওয়ার অবস্থানের চেয়ে অনেক বেশি।

এর আগে মস্কো শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ডগত ছাড় দেওয়া এবং দেশটিকে নিরপেক্ষ থাকার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ইউক্রেন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের বিধিনিষেধ মেনে নিলে ভবিষ্যতে রাশিয়ার কোনো হামলা হলে তা প্রতিরোধের সক্ষমতা দেশটির থাকবে না।

এদিকে মার্কিন কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই। তবে শনিবারের বক্তব্যে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের কারণে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘আপনারা পুতিনের মনোভাবও দেখেছেন, তাই এই আলোচনাটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।’

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের বেশিরভাগ এলাকাও রয়েছে। অঞ্চল দুটির যেসব অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করা কিয়েভের জন্য রাজনৈতিক ও প্রতীকীভাবে বড় সিদ্ধান্ত হবে। কারণ, এর মধ্য দিয়ে দনবাসের ওই অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ কার্যত মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এর আগে জেলেনস্কি ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড এবং ক্রাইমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছেন। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়াকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে। ইউক্রেন এখনো ওই উপদ্বীপের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করে না।