১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

বাংলাদেশ ও জার্মানি   © সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদনে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু হবে। নতুন এই ব্যবস্থায় অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে বলে আশা করছে দূতাবাস।

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতে এ উদ্যোগ নিয়েছে দেশটি।

জার্মান দূতাবাস জানিয়েছে, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই সমস্যা কমিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ পাবেন।

অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দিতে পারবেন তাঁরা।

দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় জার্মানিতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি আরও সুসংগঠিত হবে। প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় আগের তুলনায় কমবে বলে আশা করা হচ্ছে। এতে সামগ্রিক ভিসা আবেদন প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে।

অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে আগের ব্যবস্থায় নিবন্ধন করেছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। আগের ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক অসুবিধা তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

যেভাবে আবেদন করবেন

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের জন্য শিক্ষার্থীদের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে প্রবেশ করতে হবে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা এই পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।