প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা ফাঁস করতেন ভারতীয় উইং কমান্ডার
পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের পাঠানো নগ্ন ছবির বিনিময়ে ভারতের গোপন যুদ্ধ পরিকল্পনা ও সংবেদনশীল সামরিক তথ্য পাচার করার অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। পুলিশের চার্জশিটে বলা হয়েছে, ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে পড়ে ওই কর্মকর্তা প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার নথির একেকটি পাতা পাঠাতেন। তদন্তে তাঁদের মধ্যে হাজারো বার্তা ও ছবি আদান-প্রদানের তথ্যও উঠে এসেছে।
ভারতের গোয়েন্দা বিভাগ ও দিল্লি পুলিশের তদন্তে এ গুপ্তচরবৃত্তির ঘটনা সামনে এসেছে। পুলিশের চার্জশিট অনুযায়ী, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক অপারেটিভের সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ গড়ে ওঠে ওই উইং কমান্ডারের। একপর্যায়ে আপত্তিকর ও নগ্ন ছবি পাঠিয়ে তাকে ফাঁদে ফেলা হয়। এর বিনিময়ে তিনি দেশের অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য ও যুদ্ধ পরিকল্পনা পাচার করেন বলে অভিযোগ উঠেছে।
তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের মধ্যে মোট ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল এবং চারটি ভিডিও কলের আদান-প্রদান হয়েছে। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, ওই কর্মকর্তা শর্ত দিয়েছিলেন—প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি গোপন যুদ্ধ পরিকল্পনার নথির একেকটি পাতা শেয়ার করবেন।
তদন্তে ফাঁস হওয়া তথ্যের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা ও অন্যান্য সামরিক সদস্য মোতায়েনের গোপন বিবরণ রয়েছে। এ ছাড়া লেহর মতো গুরুত্বপূর্ণ স্থানে সংবেদনশীল সামরিক ঘাঁটি ও যুদ্ধবিমান মোতায়েনের তথ্যও শত্রুপক্ষের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তা অত্যন্ত গোপনীয় একটি ড্রোন ইউনিটের গঠন, জনবল, অস্ত্র ব্যবস্থার কার্যক্ষমতা এবং লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি সম্পর্কেও সংবেদনশীল তথ্য ফাঁস করেন। এমনকি নিরাপত্তাব্যবস্থা দুর্বল করতে অধস্তন কর্মকর্তাদের ডিভাইসে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল করার চেষ্টাও করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় ভারতের Official Secrets Act-এর আওতায় ওই উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল প্রমাণ ও চ্যাটের রেকর্ড পর্যালোচনা করে তদন্তকারীরা তথ্য পাচারের বিষয়টি খতিয়ে দেখছেন।
তদন্তসংশ্লিষ্টদের আশঙ্কা, এ ধরনের সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস দেশের প্রতিরক্ষা প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ঘটনাটি ভারতীয় সামরিক বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের ডিজিটাল নিরাপত্তা এবং গোপনীয় তথ্য সংরক্ষণের বিষয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।