পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য অভিশংসনের প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দেন। এর ফলে আপাতত প্রস্তাবটি কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
কেন্টাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি এ অভিশংসন উদ্যোগ নিয়েছিলেন। প্রস্তাবটি কমিটিতে পাঠানোর পক্ষে ম্যাসি ছাড়া সব রিপাবলিকান সদস্য ভোট দেন। এতে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
পেন্টাগনে ছয় মাস পর প্রথম সংবাদ সম্মেলনে হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘নাশকতা’ বলে আখ্যা দেন। হেগসেথের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করা এবং শেষ পর্যন্ত পদ থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল এ উদ্যোগের। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যকে এর পক্ষে আনতে হতো। ফলে শুরু থেকেই উদ্যোগটি সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছিল।
মঙ্গলবারের ভোটে আইনপ্রণেতাদের সামনে প্রশ্ন ছিল, অভিশংসনের প্রস্তাবটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানো হবে, নাকি সরাসরি প্রতিনিধি পরিষদে এর ওপর আলোচনা ও ভোটাভুটি হবে। কমিটিতে পাঠানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রস্তাবটি কার্যত আটকে গেছে। চলতি কংগ্রেসের মেয়াদ শেষ হতে অল্প সময় বাকি থাকায় এটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগও সীমিত।
ভোটের পর প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, ‘এটি এর শেষ নয়। বরং কেবল শুরু।’
ট্রাম্পের রিপাবলিকান দল এখনো কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনে সাফল্যের পর আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেবে। তখন হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগের হিসাব বদলে যেতে পারে।
মঙ্গলবারের ভোটের ফলকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। তিনি লেখেন, এ উদ্যোগ ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’। হেগসেথকে ‘একজন মহান মার্কিন দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ও ইরানে বিজয়, সামরিক বাহিনীতে ইতিহাসের সর্বোচ্চ নিয়োগসংখ্যা এবং সদস্যদের মনোবল এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
অন্যদিকে ভোটের ফল নিয়ে ম্যাসি বলেন, তিনি এতে অবাক হননি, তবে হতাশ হয়েছেন। সিবিএসকে তিনি বলেন, ‘কংগ্রেস সম্পর্কে আমার মূল্যায়ন হলো, এসব মানুষ জানেন কী করা উচিত। কিন্তু রাজনৈতিকভাবে তাদের নিজেদের লাভ হলেও তারা তা করতে পারছেন না।’
ম্যাসি আগেই স্বীকার করেছিলেন, তার অভিশংসন উদ্যোগ তাৎক্ষণিকভাবে সফল নাও হতে পারে। তবে এর মাধ্যমে ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়া শুরু করার আগেই ট্রাম্পকে হেগসেথের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দিতে চাপ দেওয়া সম্ভব হতে পারে বলে মনে করেছিলেন তিনি।
কেন্টাকির এ কংগ্রেস সদস্যের যুক্তি ছিল, হেগসেথকে এখনই সরানো গেলে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় সিনেটের মাধ্যমে নতুন প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগ অনুমোদনের সুযোগ থাকবে। অভিশংসনের প্রস্তাব কংগ্রেসের একটি মেয়াদ শেষ হওয়ার পরও পরবর্তী মেয়াদে কার্যকর রাখা সম্ভব। ফলে আগামী বছর ডেমোক্র্যাটরা চাইলে বিষয়টি আবারও সামনে আনতে পারবেন।
এর আগে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা মাইক জনসনও দিনের শুরুতে বলেছিলেন, হেগসেথকে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হবে। সোমবার প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া আট দফা অভিশংসন প্রস্তাবে ম্যাসি অভিযোগ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে হেগসেথ আইন ভঙ্গ করেছেন। এ জন্য তাকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
এ ছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে সন্দেহভাজন নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ তদারকির অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ ট্রাম্প প্রশাসন বিরোধী ও ‘হতাশ এবং পরাজিত’ রাজনীতিকের রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।