রাজীবকে আমি বলেছিলাম রাজনীতিতে না জড়াতে— সোনিয়া গান্ধী
প্রতিবেশী ভারতের রাজনীতিতে প্রভাবশালী গান্ধী পরিবারের অনেক অজানা তথ্য উঠে এসেছে সোনিয়া গান্ধীর লেখা সদ্য প্রকাশিত ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’ নামের আত্মজীবনীমুলক বইতে। ইতালির একটি ছোট্ট গ্রাম থেকে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও প্রণয় হয়ে উপমহাদেশের রাজনীতির প্রাণকেন্দ্রে উঠে আসা সোনিয়া নিজের জীবনকে এই প্রথমবার জনসমক্ষে এনেছেন। তাতে জীবনের রঙিন স্মৃতিগুলোর পাশাপাশি প্রিয়জন হারানোর ভয় থেকে স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে না জড়াতে প্রাণপন অনুরোধের কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
আত্মজীবনী প্রকাশের তিন মাস আগে সোনিয়া গান্ধী বলেছিলেন, ‘আমার পরিবার নিয়ে অনেক কথা লেখা হয়েছে। খুব কম লেখাই পরিবারের মানবিক অনুভূতি, কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে সত্যের কাছাকাছি পৌঁছোতে পেরেছে। আমার কথা পাঠককে সামাজিক ও রাজনৈতিক বদলের পরিপ্রেক্ষিত দেবে, যা আমি আমার এই সুন্দর দেশে গত ছয় দশক ধরে চাক্ষুষ করেছি। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হল গান্ধী পরিবারের সেই বহুচর্চিত স্মৃতিকথা, ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ।’
ইতালির লুসিয়ানা থেকে নয়াদিল্লির ১০ জনপথ—দীর্ঘ এই পথচলার ‘ভারতীয় অধ্যায়’ উঠে এসেছে আত্মজীবনীতে। স্বামী রাজীব গান্ধী ও শাশুড়ি ইন্দিরা গান্ধীর স্মৃতির পাশাপাশি এতে স্থান পেয়েছে পরিবারের অন্দরমহলের নানা ঘটনা, রাজনীতির টানাপোড়েন এবং বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তার মূল্যায়ন। এমনকি জরুরি অবস্থা, বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞ ও গুজরাট সহিংসতার মতো ইতিহাসের নির্মম অধ্যায়গুলোও তুলে ধরেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন।
আত্মজীবনীতে উঠে এসেছে তার জীবনের কঠিন সময়গুলোর কথাও। প্রথম সন্তানের মৃত্যু, সঞ্জয় গান্ধীর আকস্মিক বিমান দুর্ঘটনা, ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড—পরিবারের একের পর এক শোকাবহ ঘটনা কীভাবে তার জীবন বদলে দিয়েছে, তার বিবরণ রয়েছে বইটিতে।
১৯৯১ সালের ২১ মে লোকসভা নির্বাচনের প্রচারে তামিলনাড়ু গিয়ে বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। সেই স্মৃতিও তুলে ধরেছেন সোনিয়া। তিনি জানিয়েছেন, মেয়ে প্রিয়াঙ্কার কাছ থেকেই প্রথম স্বামীর মৃত্যুর খবর পান। সোনিয়ার ভাষায়, ‘দরজা খুলে ও (প্রিয়াঙ্কা) ধীরে ধীরে প্রবেশ করল ঘরে। যেন নিজেকে সুস্থির রাখতে চাইছে। আমার জোর করে শান্ত থাকার চেষ্টা করছে। কিন্তু ওর নিঃশ্বাস দ্রুত পড়ছিল। মুখ যেন বিবর্ণ। চোখে অন্ধকার। আমি আগে কখনও এমন দেখিনি। ও আমাকে বলল, একটা ফোন পাওয়ার কথা।’
১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে সরাসরি বিরোধিতা করেছিলেন বলে আত্মজীবনীতে জানিয়েছেন সোনিয়া। রাজনীতিতে যোগ না দেওয়ার জন্য স্বামীকে বারবার অনুরোধ করলেও ছেলে রাহুলের রাজনীতিতে আসার সময় তিনি বাধা দেননি। এ বিষয়ে সোনিয়া ভাষায় , ‘আমি রাজীবকে বারবার অনুরোধ করেছিলাম নিজেকে রাজনীতির সঙ্গে জড়িয়ো না। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বাধা দিতে পারিনি। রাহুলের রাজনীতির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। আমেঠীর সঙ্গে তার ও প্রিয়াঙ্কার গভীর আত্মিক সম্পর্ক ছিল।’
রাজীব জীবদ্দশায় স্কুলপড়ুয়া রাহুলকে কয়েকবার আমেঠীতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাকে গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা কাছ থেকে দেখিয়েছিলেন। আমেঠীর সাবেক সংসদ সদস্য সোনিয়া জানিয়েছেন, প্রিয়াঙ্কাও তার নির্বাচনের সময় নিয়মিত আমেঠীতে উপস্থিত থাকতেন। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি তাদের মন জয় করেছিলেন।
তবে প্রিয়াঙ্কার অগ্রাধিকার ছিল সন্তানদের বড় করে তোলা এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা। সোনিয়ার ভাষায়, ‘রাহুল যখনই ভারতে ফিরত, আমার বা তার বোনের সঙ্গে আমেঠীতে যেত। এলাকায় তারা দুজনেই পরিচিত ছিল। সেই সফরগুলোর সময়ই রাহুলের মধ্যে সেখানকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ তৈরি হয়েছিল।’
১৯৯১ সালের ২১ মে মানববোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। তার মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি দলের সভানেত্রী পদে সোনিয়া গান্ধীকে মনোনীত করলেও সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। এর সাত বছর পর ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দলের দায়িত্ব নেন সোনিয়া। আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না তার। শুধু দায়িত্ববোধ থেকেই কংগ্রেসের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন তিনি।
তবে দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই দলের ভেতরে বিদ্রোহের মুখে পড়তে হয় তাকে। ১৯৯৯ সালে শরদ পাওয়ার ও পি এ সাংমা তার বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এতে তিনি ভীষণভাবে আঘাত পেয়েছিলেন বলে আত্মজীবনীতে জানিয়েছেন সোনিয়া। ওই সময় কংগ্রেস সভানেত্রীর পদ থেকে পদত্যাগ এবং পরে দলের নেতাদের অনুরোধে বৃহত্তর স্বার্থে আবার দায়িত্বে ফেরার ঘটনাও উঠে এসেছে ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ বইটিতে।
তবে ১৯৯৯ সালের মতো ২০০৪ সালে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি সোনিয়া। কংগ্রেস ও ইউপিএর শরিক দলগুলোর নেতাদের অনুরোধ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে অসম্মতি জানান তিনি। সে সময় ‘অন্তরাত্মার ডাক’ শুনে সোনিয়ার প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানতে পারে ভারত।
মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনীতে এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনার ঘটনাও তুলে ধরেছেন সোনিয়া। তিনি লিখেছেন, ‘নির্বাচনের কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর পদ নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করি। ওদের মধ্যে একজন সরাসরি আমাকে জিজ্ঞাসা করল, যদি নির্বাচনে জিতি তাহলে কি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করব? তখন প্রায় বিরক্তির সুরেই বলেছিলাম, একেবারেই না!’
সোনিয়া জানান, তার কথা শুনে রাহুল ও প্রিয়াঙ্কা আবারও জানতে চেয়েছিলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত কি না। তখনও তিনি তাদের জানিয়েছিলেন, এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। সোনিয়ার কথায়, ‘আমি তখন জোর দিয়েই এ কথা ওদের বলেছিলাম।’
নির্বাচনের ফল প্রকাশের পর ইউপিএর নেতারা সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে হাজির হন। তারা তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু সোনিয়া জোটের নেতাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নেতারাও জানিয়ে দেন, তারা এ সিদ্ধান্ত মেনে নেবেন না। একপর্যায়ে চাপের মুখে সোনিয়া মৃদুস্বরে বলে ওঠেন, ‘ঠিক আছে।’
বাইরে থেকে পুরো ঘটনা দেখছিলেন মেয়ে প্রিয়াঙ্কা। মাকে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে রাজি হতে দেখে তিনি সোজা রাহুলের ঘরে চলে যান। পরে সোনিয়া সেখানে গেলে রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই তার সিদ্ধান্তের বিরোধিতা করেন। রাহুল তাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি রাজি হলে কীভাবে?’ এরপর রাগ করে ঘর থেকে বেরিয়ে যান তিনি। প্রিয়াঙ্কা মাকে নিজের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন।
সোনিয়া লিখেছেন, ‘আমার মনও দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল। একটা অংশ এই ভাবনাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছিল। আর অন্য অংশ দলের কর্মীদের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছিল।’ তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তই নেন তিনি।
মায়ের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানতে পেরে রাহুল ও প্রিয়াঙ্কা স্বস্তি পান। সোনিয়া বলেন, ‘ওরা (রাহুল-প্রিয়াঙ্কা) খুব আতঙ্কের মধ্যে ছিল এই বিষয়টি নিয়ে। কিন্তু যখন জানল আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, স্বস্তি পেয়েছিল ওরা।’ সোনিয়ার ভাষায়, ‘ওরা ঠাকুমার হত্যাকাণ্ড এবং বাবার নৃশংস হত্যার যন্ত্রণা সহ্য করেছে। ওদের মনে হত, প্রধানমন্ত্রীর পদ মানেই অনেক বেশি বিপদের আশঙ্কা। আমার সিদ্ধান্ত যখন শুনল তখন ওদের চোখেমুখে স্বস্তি দেখেছিলাম।’