০৯ নভেম্বর ২০২৬, ২২:৫৫

পর্তুগালের লিসবনে বাংলাদেশি পরিবারের পিঠা উৎসব

পর্তুগালের লিসবনে বাংলাদেশি পরিবারের পিঠা উৎসব  © সংগৃহীত

প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের (বিএফপি) উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লিসবনের রুয়া বেলা ভিস্তা আ গ্রাসা এলাকায় আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন মাইন বিথি ও তাঁর সহযোগীরা। তাঁদের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো একত্রিত হয়ে এ সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

শীতের আমেজে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, পিঠাপুলি ও দেশীয় সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবে পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, মুগপাখন ও ফুলঝুরি পিঠাসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও খাবারের আয়োজন করা হয়। আয়োজকদের আহ্বানে অংশগ্রহণকারী পরিবারগুলো নিজ নিজ বাসায় তৈরি পিঠা নিয়ে উৎসবে যোগ দেন।

অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল। এন্ট্রি ফির অন্তর্ভুক্ত হিসেবে বড়দের জন্য বিফ বিরিয়ানি এবং শিশু ও গরুর মাংস না খাওয়া ব্যক্তিদের জন্য মোরগ পোলাও পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল আকর্ষণীয় সাজসজ্জা, উপহার এবং পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ।

উৎসবকে আরও প্রাণবন্ত করতে নারীদের জন্য র‍্যাম্প ওয়াক, শিশুদের জন্য ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা এবং পুরুষদের জন্য বোতল খেলা ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এসব আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পারিবারিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকদের মতে, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন বাংলাদেশি পরিবারগুলোর পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পর্তুগালে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় খাবারের সঙ্গে পরিচিত করানোও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের (বিএফপি) এ পিঠা উৎসবের মধ্য দিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশের শীতকালীন ঐতিহ্য ও বাঙালির সাংস্কৃতিক চর্চা ধরে রাখার প্রয়াস নেওয়া হয়েছে।