৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে পাকিস্তান
পাকিস্তানের বিদ্যমান চারটি প্রদেশকে ভেঙে ১২টি প্রদেশ গঠনের পরিকল্পনা করছে দেশটির সরকার। এ বিষয়ে ২৮তম সংবিধান সংশোধনীর আগে দেশজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। রবিবার (৮ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনার লক্ষ্য হলো প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল আরও ভারসাম্যপূর্ণভাবে বণ্টন করা।
প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখাওয়াকে তিনটি, বেলুচিস্তানকে তিনটি এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করা হতে পারে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু হতে পারে। একই বছরের প্রথমার্ধে সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরুর আগে প্রস্তাবিত নতুন প্রদেশ গঠনের বিষয়ে জনমত জানতে দেশজুড়ে গণভোট আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি। প্রদেশগুলোর সীমানা ও প্রশাসনিক কাঠামোও নির্ধারণ করা হয়নি।
এদিকে পরিকল্পনাটি নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। গত ৩০ অক্টোবর পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেছিলেন, নতুন প্রদেশ গঠনের জন্য সরকার কোনো সংবিধান সংশোধনীর খসড়া তৈরি করছে না।