ইসরায়েলের নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেলেন গাদি আইজেনকট
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দিয়েছেন। রবিবার (৮ নভেম্বর) প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইজেনকটের হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেন হারজগ। খবর টাইমস অব ইসরায়েলের
এ সময় হারজগ বলেন, ‘আমি আশা করি, পুরো জাতির সেবা করবে—এমন একটি সরকার গঠনে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমার হৃদয়ের অন্তস্তল থেকে কামনা করি, যে সরকারই গঠিত হোক, তা যেন জাতির সব অংশের মধ্যে ঐক্য, সংযোগ ও নিরাময় প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’
দায়িত্ব গ্রহণ করে আইজেনকট বলেন, ‘গভীর দায়িত্ববোধ এবং আমার কাঁধে থাকা গুরুদায়িত্ব ও এর ভার সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়েই আজ আমি এখানে দাঁড়িয়েছি। ইসরায়েলের সব নাগরিক আমার সঙ্গে এবং আমার চিন্তার কেন্দ্রে রয়েছেন।’
সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, ‘ইসরায়েল একটি কঠিন ও ভাগ্যনির্ধারণী জরুরি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের বিভিন্ন ফ্রন্ট এখনো খোলা রয়েছে। একই সঙ্গে আমরা একটি ভয়াবহ কূটনৈতিক সংকটের মধ্যেও রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজ এখানে পাওয়া ম্যান্ডেটের ভিত্তিতে একটি জাতীয় জরুরি সরকার গঠনে নেতৃত্ব দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সৃজনশীল ও ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের হাতে সময় নষ্ট করার কিংবা একের পর এক নির্বাচনের চক্রে ফিরে যাওয়ার সুযোগ নেই।’