০৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

সেনেগালে অভিবাসীবাহী বোঝাই নৌকাডুবি, নিহত অন্তত ২১

অভিবাসী বোঝাই নোকা ডুবি  © সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। রবিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

মন্ত্রণালয় বলেছে, শনিবার (৭ নভেম্বর) রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ২১। তবে এ সংখ্যা প্রাথমিক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা করা হচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সেনেগালের রাজধানী ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ি উপকূলে পিরোগ ধরনের একটি সমতল তলাবিশিষ্ট নৌকাটি ডুবে যায়।

স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের অধিকাংশই একই বিভাগের লিওনা ও থিয়েপ এলাকার বাসিন্দা। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো অভিবাসীর মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় শনিবার (৭ নভেম্বর) ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেনের কর্তৃপক্ষ। দ্বীপটির প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।