০৮ নভেম্বর ২০২৬, ১২:৪২

প্রত্যেক কর্মীকে ১ লাখ ৩৩ হাজার টাকা বোনাস দিলেন বস্ত্র ব্যবসায়ী, ভিডিও ভাইরাল

কর্মীদের হাতে বোনাস তুলে দিচ্ছেন ব্যবসায়ী   © সংগৃহীত

দীপাবলি উপলক্ষে নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মীকে প্রত্যেককে ১ লাখ ৩৩ হাজার টাকার বেশি নগদ বোনাস দিয়েছেন ভারতের গুজরাটের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী। কর্মীদের হাতে বিশেষভাবে সাজানো থালায় এই অর্থ তুলে দেন তিনি। এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মীরা। বোনাস দেওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তিনি গুজরাটের বাণিজ্যিক শহর সুরাটে একটি বস্ত্র ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। দীপাবলি উপলক্ষে তিনি তার প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এই নগদ অর্থ উপহার দেন।

সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান দীপাবলিতে কর্মীদের মিষ্টি ও শুকনো খাবারের প্যাকেট উপহার দেয়। তবে রামস্বরূপ মুন্ডে কর্মীদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেন। তিনি খামে ভরে টাকা না দিয়ে রুপার মতো দেখতে বিশেষ পূজার থালায় টাকার বান্ডিল সাজিয়ে রাখেন। পরে কর্মীদের স্ত্রীরা নিজ হাতে তাদের স্বামীদের এসব অর্থ উপহার দেন।

বোনাস দেওয়ার জন্য থালাগুলোতে ১০ থেকে ৫০০ রুপি মূল্যমানের নতুন নোটের বান্ডিল সুন্দরভাবে সাজানো হয়েছিল। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে অনেক কর্মী আবেগ ধরে রাখতে পারেননি। কেউ কেউ আনন্দ ও কৃতজ্ঞতায় চোখের পানিও ফেলেন।

কেন কর্মীদের এত বড় অঙ্কের বোনাস দিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন রামস্বরূপ মুন্ডে। তিনি জানান, নিজের প্রতিষ্ঠানের কর্মীদের কেবল শ্রমিক বা কর্মচারী হিসেবে দেখেন না। বরং তাদের নিজের পরিবারেরই অংশ মনে করেন। তার ইচ্ছা, কর্মীরা যেন কোনো ধরনের আর্থিক দুশ্চিন্তা ছাড়াই পরিবারের সঙ্গে আনন্দ করে দীপাবলি উদ্‌যাপন করতে পারেন।

এদিকে কর্মীদের বোনাস দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজারো মানুষ মন্তব্য করেছেন। অনেকেই ব্যবসায়ীর এই উদ্যোগের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এমন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, 'তার দর্শন খুবই সাধারণ। দীপাবলির আনন্দ শুধু নিজের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে কেন? যারা তার সঙ্গে পরিশ্রম করে প্রতিষ্ঠান এগিয়ে নিচ্ছেন, তাদের পরিবারও সমান আনন্দে উৎসব উদ্‌যাপনের সুযোগ পাওয়ার যোগ্য। তিনি কর্মীদের শুধু কর্মচারী মনে করেন না, নিজের পরিবারের অংশ মনে করেন। অর্থ মানুষকে ধনী করতে পারে, কিন্তু এমন উদার মনই মানুষকে সত্যিকারের ধনী করে তোলে।'

আরেকজন লিখেছেন, 'সৃষ্টিকর্তা যেন সবাইকে এমন একজন বস দেন। তার কাজ সত্যিই তার নামের মর্যাদা রেখেছে! সুরাটের ব্যবসায়ী রামস্বরূপ তার ২০ কর্মীকে প্রত্যেককে ১ লাখ ৩৩ হাজার টাকা করে দীপাবলির বোনাস দিয়েছেন। বোনাস পেয়ে কর্মীরা আবেগে কেঁদে ফেলেছেন।'

এ ছাড়া কয়েকজন ব্যবহারকারী মজা করে ওই প্রতিষ্ঠানে চাকরির আবেদন কীভাবে করতে হবে, তা জানতে চেয়েছেন।