০৭ নভেম্বর ২০২৬, ১৮:০৮

সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড, আবেদন যেভাবে

প্রতীকি ছবি  © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবিবাহিত বা সিঙ্গল ব্যক্তিদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন বিভাগ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চার দিনের এই ভ্রমণে নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, থাকা-খাওয়া ও ঘোরাঘুরির সব খরচ বহন করবে ফিনল্যান্ড সরকার। তবে এ সুযোগ পেতে আবেদনকারীদের একটি শর্ত পূরণ করতে হবে। ফিনল্যান্ডে গিয়ে দেশটির সিঙ্গল তরুণ-তরুণীদের সঙ্গে ব্লাইন্ড ডিনার ডেটে অংশ নিতে হবে।

ফিনল্যান্ডের পর্যটন বিভাগের এই বিশেষ আয়োজনের নাম ‘ফিনিশ ডিনার ডেট’। আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত ১৬ জনের ভ্রমণ অনুষ্ঠিত হবে। তাঁদের মধ্যে আটজনকে রাজধানী হেলসিঙ্কি এবং বাকি আটজনকে ট্যাম্পেরে শহরে নেওয়া হবে। প্রত্যেকে চার দিন করে বিনা খরচে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন।

আবেদন করবেন যেভাবে

ফিনল্যান্ড ছাড়া বিশ্বের যেকোনো দেশের সিঙ্গল ব্যক্তিরা এ ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রথমে ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—‘নৈশভোজের ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ফিনল্যান্ড পর্যটন বিভাগের পেজকে ট্যাগ করতে হবে। একই সঙ্গে ব্যবহার করতে হবে ‘#FinnishDinnerDate’ হ্যাশট্যাগ।

এরপর ফিনল্যান্ড পর্যটন বিভাগের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রে নিজের তৈরি ভিডিওর লিংক যুক্ত করতে হবে। বিচারকদের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ১৬ জনকে নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর। নির্বাচিত ১৬ জনের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করবে ফিনল্যান্ড পর্যটন বিভাগ। এ ছাড়া ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

নির্বাচিত ব্যক্তিদের কাছে ভ্রমণে অংশ নেওয়ার আমন্ত্রণসংবলিত ই-মেইল পাঠানো হবে। সেই ই-মেইল পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না দিলে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে।

কেন এই আয়োজন

ফিনল্যান্ড টানা নয়বার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশটির পর্যটনশিল্পও ক্রমাগত বিস্তৃত হচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে ফিনিশ খাবারের পরিচিতি ও জনপ্রিয়তা তুলনামূলক কম। স্থানীয় খাবারের সঙ্গে বিশ্বের পর্যটকদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করেছে দেশটির পর্যটন বিভাগ।

এই আয়োজনের ধারণা নেওয়া হয়েছে ফিনল্যান্ডের একটি প্রচলিত সঙ্গী খোঁজার পদ্ধতি ‘সিঙ্কুকোরি’ থেকে। ইংরেজিতে যেটিকে ‘সিঙ্গল বাস্কেট’ বলা হয়। দেশটির বিভিন্ন দোকানে গোলাপি রঙের ঝুড়ি রাখা থাকে। সিঙ্গল ব্যক্তিরা সম্পর্কে আগ্রহী বোঝাতে এসব ঝুড়ি ব্যবহার করেন। দোকানে থাকা অন্য কেউ কাউকে গোলাপি ঝুড়ি নিতে দেখলে বুঝতে পারেন, তিনি সঙ্গী খুঁজছেন।

এই ধারণাকে কেন্দ্র করেই চার দিনের ভ্রমণে থাকছে বিশেষ ব্লাইন্ড ডিনার ডেটের আয়োজন। সেখানে নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে অংশ নেবেন ফিনল্যান্ডের অবিবাহিত তরুণ-তরুণীরাও। ফলে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি পছন্দের সঙ্গী খুঁজে পাওয়ার সুযোগও তৈরি হতে পারে।

ফিনল্যান্ডের সরকারি বাণিজ্যিক দপ্তরের কর্মকর্তা হেলি জিমেনেজ জানিয়েছেন, খাবার ফিনিশদের একত্র করে। তাই এবার বিশ্বের পর্যটকদেরও দেশটির খাবারের স্বাদ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

ফিনল্যান্ডের পর্যটন বিভাগের দাবি, ইউরোপের অন্যতম উপেক্ষিত রন্ধনশৈলীর একটি হলো ফিনিশ খাবার। বিশ্বের অন্যান্য দেশের খাবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে এর পরিচিতি তৈরি হয়নি। সেই পরিচিতি ও জনপ্রিয়তা বাড়াতেই ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে ১৬ জন সিঙ্গল ব্যক্তিকে বিনা খরচে দেশটি ঘুরে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত ব্যক্তিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা রন্ধনশিল্পীরাও খাবার তৈরি করবেন।