ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁকে প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে হতে পারে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ট্রাম্প আরও বলেন, ‘এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে—আমরা কি আরও সামনে এগিয়ে যাব এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করব? চূড়ান্ত নিষ্পত্তি বলতে আমি বোঝাচ্ছি, এমন পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয়।’
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, ‘যদি সম্ভব হয় তবে আমি দেশটির (ইরান) বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেও হতে পারে। আর আপনারা তা খুব শিগগিরই জানতে পারবেন।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উভয় পক্ষের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠে ইরানকে আবার পুনর্গঠন করতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলে মনে করছেন ট্রাম্প।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর খবর সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না।’
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি