০৩ নভেম্বর ২০২৬, ২০:২৩

মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী  © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের দেশবিরোধী আখ্যা দেওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেছেন, কে দেশদ্রোহী এবং কার সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে—তা প্রকাশ্য বিতর্কের মাধ্যমে পরিষ্কার করা হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, মোদীকে চ্যালেঞ্জ জানানোর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তিনি কোনো সাড়া পাননি। বিতর্কের জন্য প্রধানমন্ত্রীকে যেকোনো মঞ্চ বা স্থান বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

রাহুলের প্রস্তাব, বিতর্কে দুই নেতা মুখোমুখি বসবেন। সেখানে সংবাদমাধ্যম ও দেশের তরুণেরা উপস্থিত থাকবেন। বিচারক হিসেবে প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা মনোনীত করতে পারবেন। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকেও বিচারক করার প্রস্তাব দেন তিনি।

বিতর্কে ভারতের আর্থিক ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলার কথা জানান রাহুল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কীভাবে ও কেন এত দ্রুত হলো, প্রধানমন্ত্রী কেন এককভাবে চুক্তি করলেন এবং মন্ত্রিসভাকে কেন বিষয়টি জানানো হয়নি—এসব প্রশ্নের জবাব চান তিনি।

এ ছাড়া আদানি-সংক্রান্ত মামলা কেন বন্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়েও প্রকাশ্যে আলোচনা করতে চান বলে জানান রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। সেসব অভিযোগের সত্যতা প্রকাশ্য বিতর্কের মাধ্যমেই যাচাই করা উচিত।

রাহুলের দাবি, তার বিরুদ্ধে প্রায় ৪৫টি মানহানির মামলা করা হয়েছে। তবে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানানো হলেও এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো মানহানির মামলা করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে রাহুল গান্ধি বলেন, মোদি তার সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার সাহস করবেন না। কারণ, তার সম্পর্কে রাহুল গান্ধী যা জানেন, তা নিয়ে তিনি ভীত। একই সঙ্গে তাকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।