ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (২ নভেম্বর) এ হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই কেশম দ্বীপে হামলার ঘটনা ঘটল।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরানে গোপনে সীমিত পরিসরে ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশম দ্বীপে গতকালের হামলা সেই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকজন বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলেও জানিয়েছেন।
হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কাছে পাঠায়। তবে গতকাল রাতে এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপির অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সেন্টকম।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন স্থানে ছোট পরিসরে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব হামলাকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাঁদের ভাষ্য, ইরান যেন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অবাধ সুযোগ না পায়, তা নিশ্চিত করতেই এসব হামলা চালানো হচ্ছে।
তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র এসব হামলার কথা প্রকাশ্যে ঘোষণা করেনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার কোনো ইঙ্গিত দিতে চায় না ওয়াশিংটন। এ কারণেই হামলাগুলোর কথা প্রকাশ্যে জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন গতকাল সোমবার ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘হতে পারে’।
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। তবে সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তির আশায় গতকাল তেলের দাম ৭ শতাংশের বেশি কমেছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।