এল নিনোর প্রভাবে এক দেশে জরুরি অবস্থা ঘোষণা
বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে এল নিনোর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া। শনিবার (১ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এ ঘোষণা দেন। এল নিনোর কারণে দেশটির কোথাও বন্যা, আবার কোথাও ভয়াবহ খরা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও বেশি উদ্ধারকারী দল মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এল নিনোর প্রভাবে খরা ও বন্যার মতো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সংকট মোকাবিলায় সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।’
এল নিনোর প্রভাবে বলিভিয়ার বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার চরম পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও পানির অভাবে খরা দেখা দিয়েছে, আবার কোথাও অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি কৃষি ও পশুপালন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চলতি সপ্তাহে প্রকাশিত সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার নয়টি প্রশাসনিক বিভাগের মধ্যে ছয়টিতে খরার কারণে প্রায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া খরার কারণে দেশটিতে ৭৫ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা ও উদ্ধার কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
এল নিনো একটি প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা। এ সময় প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন ঘটে। কোথাও অতিবৃষ্টি ও বন্যা দেখা দেয়, আবার কোথাও দীর্ঘস্থায়ী খরা ও তাপপ্রবাহের সৃষ্টি হয়।
চলমান এল নিনো পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ রূপ নিতে পারে। এর প্রভাবে লাতিন আমেরিকা, পূর্ব ও দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
বলিভিয়ার প্রতিবেশী দেশগুলোতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। পেরুতে তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় দাবানলের ঘটনা ঘটেছে। এসব দাবানলে এরই মধ্যে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, প্রতিবেশী চিলির রাজধানী সান্তিয়াগোতে চলতি বছরের অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়ার ইতিহাসে অক্টোবর মাসে এর আগে এত বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি। ফলে একই অঞ্চলে কোথাও তীব্র খরা, কোথাও দাবানল আবার কোথাও রেকর্ড বৃষ্টিপাতের মতো বিপরীতমুখী আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।