৩০ অক্টোবর ২০২৬, ১০:০৯

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মেরিল্যান্ড জেলা অ্যাটর্নি কার্যালয় লোগো  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ হাচিবুর রহমানের (৩৩) বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ হাচিবুর রহমান একজন অবৈধ অভিবাসী। তিনি মার্কিন নাগরিক নন—এটি জানা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছিল।

মেরিল্যান্ডের অ্যাটর্নি কেলি ও হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের বিষয়টি ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেডারেল অপরাধে দণ্ডের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ শাস্তির চেয়ে কম সাজা দেওয়া হয়। সাজা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ফেডারেল আদালতের বিচারকের। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাজা নির্ধারণের নির্দেশিকা এবং আইনের অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হবে।

তবে অভিযোগপত্র দাখিল হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত হাচিবুর রহমানকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে অ্যাটর্নি কার্যালয়। মামলাটির তদন্তে সহযোগিতার জন্য এফবিআই এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর কার্যালয়ের প্রশংসা করেছেন অ্যাটর্নি কেলি ও হেইস। মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসে।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মেরিল্যান্ড জেলা অ্যাটর্নি কার্যালয়।