২৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৯

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল ৬ বছরের শিশু

লটারিতে গাড়ির সামনে উল্লসিত শিশু মেদাংশ রায়কওয়ার ও তার পরিবারের সদস্যরা  © আনন্দবাজার

গরবা অনুষ্ঠানে গিয়ে নাতির নামে একটি লটারির টিকিট কেটেছিলেন দাদি। এক বছর পর প্রথম পুরস্কারে বিলাসবহুল এক গাড়ি জিতল ৬ বছরের শিশুটি। আর তার জয়ে আনন্দে আত্মহারা পরিবার। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। লটারিতে ৫০ লাখ রুপির (৬৫ লাখ ৯ হাজার টাকা) গাড়ি জেতা শিশুটির নাম মেদাংশ রায়কওয়ার। তার জয়ে আত্মীয়রা তো বটেই, পাড়া-প্রতিবেশীরাও অত্যন্ত খুশি।

একটি লাকি ড্র কুপনে প্রথম পুরস্কার পেয়েছে মেদাংশ। বছরখানেক আগে অভাপুরীর শ্রী সরকারধামে আয়োজিত গরবা অনুষ্ঠানে লটারির টিকিটটি কেনা হয়। নাতির নামে টিকিটটি কেনেন তার দাদি (ঠাকুরমা) কিরণ। সেটির মূল্য ছিল ২০০ রুপি বা বাংলাদেশি ২৬০ টাকা। সে সময় শিশুটির পরিবারের কেউ বোধহয় কল্পনাও করতে পারেননি, তা এত বড় জয় নিয়ে আসতে পারে।

বুরহানপুরের সীলমপুরা অঞ্চলের বাসিন্দা ওই পরিবারটি। পরিবারের ছোট্ট সদস্যের এই জয়ে আনন্দে আত্মহারা তারা। গাড়িটি একটি টয়োটো ফরচুনার। সেটি পাওয়ার পর ভক্তিভরে পূজাপাঠও করে মেদাংশের পরিবার। পাশাপাশি, ঢাক বাজিয়ে সেই জয় উদ্‌যাপন করা হয়। সেই আনন্দের কিছু মুহূর্তই একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও খবর: পে-স্কেলের নতুন প্রজ্ঞাপন জারি, ৮ সিদ্ধান্তের কথা জানাল অর্থ মন্ত্রণালয়

‘এসিএনভারত.নিউজ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিও পোস্ট করা হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওটিতে দেখা গেছে, শিশুটিকে কোলে নিয়ে আনন্দে মাতোয়ারা তার পরিবার। ঢাকের বাদ্যির তালে তালে নাচ জুড়েছেন সকলে। ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়িটি। 

সেটির সামনে শিশুসহ তার পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে এক জনের হাতে পূজার থালা। ভিডিওটি প্রায় ১০ লাখ বার দেখা হয়েছে। তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। তাকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। 

ছোট্ট মেদাংশ তার পরিবারে সৌভাগ্য বয়ে এনেছে এ কথাও লিখেছেন অনেকেই। এক জন আবার মজার ছলে মন্তব্য করেছেন, ‘এ বার এই পরিবার সর্বত্র লটারির টিকিট কিনে বেড়াবে।’ খবর: আনন্দবাজার।