২৪ অক্টোবর ২০২৬, ১৬:২৫

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপাারে সতর্ক করেছে  © সংগৃহীত

কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথাও জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’

এর আগে, চলতি মাসেই আরেকটি সতর্কবার্তায় চুরির অপরাধে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথা জানিয়েছিল দূতাবাস।

গত ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় বলা হয়, ‘শারীরিক আক্রমণ, চুরি জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।’

বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে।