২৩ অক্টোবর ২০২৬, ২২:২৭

১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি

ইতালির সিসিলি দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে  © সংগৃহীত

ভূমধ্যসাগর উপকূলে একের পর এক ভূকম্পনের পর ইতালির সিসিলি দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দ্বীপটির কাছে ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। খালি করা হয়েছে সরকারি দপ্তর ও আদালত ভবনও। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় সমুদ্রের কাছাকাছি চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা জারির পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসে। বিভিন্ন সরকারি দপ্তর থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

সিসিলি দ্বীপের পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে একটি আদালত ভবন খালি করা হয়েছে। সিসিলি ও মূল ইতালির মধ্যবর্তী লিপারি দ্বীপেও শিক্ষার্থী ও পৌরসভার কর্মীরা বিভিন্ন ভবন ছেড়ে বেরিয়ে আসেন।

ভূকম্পনগুলোর উৎপত্তিস্থল ছিল সিসিলির উত্তর উপকূলে, পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরে। দ্বীপটির প্রধান শহর পালার্মোর জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০।

পালার্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে লিকাটা শহর।

কর্মকর্তাদের তথ্যমতে, ১২টি ভূকম্পনের মধ্যে ১১টির মাত্রা ছিল ৩-এর বেশি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলি দ্বীপের উত্তরে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে।