২৩ অক্টোবর ২০২৬, ২১:১০

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয় কত?

‘সানশিংদুই: ফিউচার পাস্ট’ সিনেমার পোস্টার  © সংগৃহীত

চীনে প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত সিনেমা মুক্তি পেয়েছে। ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’ নামের সায়েন্স ফিকশন থ্রিলারটি ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরিকল্পনা থাকলেও আগাম টিকিট বিক্রিতে সাড়া মিলছে কম। ফলে বক্স অফিসে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে সিনেমাটি।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সিনেমাটির মুক্তির পর গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিনেমাটির আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ ডলারের সমান। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে সিনেমাটির বক্স অফিস আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে। নির্মাণ ব্যয়ের তুলনায় এ আয় বেশ কম।

নির্মাতা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপ জানিয়েছে, প্রায় ১০০ জনের একটি দল দুই বছরের বেশি সময় ধরে সিনেমাটি নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ ডলারের সমান।

সিনেমাটির অভিনয়শিল্পী, তাদের কণ্ঠস্বর ও পটভূমি—সবকিছুই এআই দিয়ে তৈরি করা হয়েছে। গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মানবতার ভবিষ্যৎ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোনা ফিল্মের প্রধান নির্বাহী জিয়াং দেফু বলেন, দর্শকদের আগ্রহ কম থাকলেও সিনেমাটি নতুন দিগন্ত উন্মোচন করছে। তারাই প্রথম এ ধরনের সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন। একই সঙ্গে দর্শকদের সামনে প্রথমবারের মতো এই পরীক্ষার মুখোমুখি হচ্ছেন তারা।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এআই দিয়ে তৈরি ভিডিও বেশ জনপ্রিয়। দেশটির ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম দৌইনে (টিকটক) শুধু সেপ্টেম্বর মাসেই এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। তবে এআই দিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমার ক্ষেত্রে দর্শকদের আগ্রহ কতটা, ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’-এর বক্স অফিস আয় এখন সেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।