ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারতের অর্থমন্ত্রীর স্বামী
ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (এসআইআর)-এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। শুক্রবার (২৩ অক্টোবর) ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজিত এই কর্মসূচিতে তার সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ, প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকাইতসহ বিশিষ্ট ব্যক্তিদের। খবর ইন্ডিয়া টুডের
পরাকলা প্রভাকরের এই সিদ্ধান্ত ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী হয়েও সরকারের নীতির বিরোধিতায় প্রকাশ্যে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরাকলা প্রভাকর লিখেছেন, ‘হর গলি মে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের এই পদযাত্রায় অংশ নিন।’
আয়োজক জোটের অভিযোগ, বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভারতের প্রান্তিক, পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১৩ কোটি যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এ সংখ্যার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
শুক্রবারের কর্মসূচিতে পরাকলা প্রভাকর ছাড়াও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, প্রকাশ রাজ, প্রশান্ত ভূষণ, রাকেশ টিকাইত এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও লেখক তুষার গান্ধীর অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, দিল্লি পুলিশ রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিবাদস্থল জন্তর মন্তরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা নতুন স্লোগান তুলেছেন—‘হর হাথ মে তিরঙ্গা, হর গলি মে জন্তর মন্তর’। এর অর্থ, প্রতিটি হাতে জাতীয় পতাকা, প্রতিটি গলিতে জন্তর মন্তর।
এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি এবং এ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই পরাকলা প্রভাকরের অংশ নেওয়ার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।