২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩

তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬

দুর্গম পার্বত্য অঞ্চলে উদ্ধারকাজ দমকল বাহিনী  © সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। এ ভূমিকম্পে শত শত বাড়িঘর ধসে পড়ায় দুর্গম পার্বত্য অঞ্চলে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে জটিলতা দেখা দিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) শহরটির জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগকু শহরের বাকেন কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে ভূমিকম্পের প্রভাব পড়েছে। এতে ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত বাড়িঘর ধসে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব এলাকায় উদ্ধারকাজ পরিচালনা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র সংগ্রহ কঠিন হয়ে উঠেছে।

২০২৩ সালের পর এই অঞ্চলে এটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ২০২৩ সালে চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের মৃত্যু হয়েছিল।