মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বড় একটি ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার (২১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর সড়কটি থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনায় বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে গেছে। পরে একটি ক্রেন দিয়ে বাসটি সরানোর কাজ করা হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। সড়কে ছড়িয়ে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ ও বিভিন্ন ধ্বংসাবশেষ।
বাসের যাত্রীদের আসনগুলো সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ট্রাকের পেছনের অংশেও বাসের ভাঙা বিভিন্ন অংশ আটকে থাকতে দেখা গেছে।
আল-আহরামের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন প্রয়োগে অসংগতিকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। এর আগে গত মাসে সিনাই উপদ্বীপে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাদের মধ্যে ১০ জন ছিলেন জর্ডানের পর্যটক। এ ছাড়া গত আগস্টে মিসরের উত্তরাঞ্চলে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেক শিশু ছিল।