১৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৭

সৌদি আরবে আরেক বাংলাদেশির মৃত্যু

নিহত শামীম রেজা  © সংগৃহীত

২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর না পেরোতেই সৌদি আরবের রাজধানী রিয়াদে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে শামীম রেজা নামে আরেক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছিলেন। তবে স্বজনদের কাছে ফেরার আগেই প্রাণ হারালেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রিয়াদের ২২ নম্বর এক্সিটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শামীম রেজার বাড়ি সিরাজগঞ্জ জেলার চক খাদুলী গ্রামে। তিনি ওই গ্রামের মো. নিজাম উদ্দিন প্রামাণিকের ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই নুরুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন রিয়াদের ২২ নম্বর এক্সিটের কাছে অবস্থানকালে শামীম রেজার কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় সিমুচি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন শামীম রেজা। এ উদ্দেশ্যে সম্প্রতি সৌদি আরব থেকে স্থায়ীভাবে দেশে ফেরার জন্য ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করেন তিনি। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তার ভিসার মেয়াদ ছিল। দেশে ফেরার অপেক্ষায় থাকা শামীমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সৌদি আরবে বসবাসরত তার ছোট ভাই নুরুল ইসলাম মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন। পরিবারের কাছে মরদেহ পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে কাভার্ড ভ্যানটিতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।