কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ
জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ বছর বয়সী রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের পর রোবটটি জব্দ করা হয়েছে। খবর বিবিসির
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ১২টার কাছাকাছি শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিল ওই কিশোরী। এ সময় প্রায় ১২০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ফুট) উচ্চতার লাল ও সোনালি রঙের রোবটটি পেছন দিক থেকে তার কাছে যায়। একপর্যায়ে রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো অঙ্গভঙ্গি করে। এতে চিৎকার করে সরে যায় কিশোরী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পর জরুরি সেবায় খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে ওই কিশোর ও তার ১৯ বছর বয়সী সঙ্গীর সন্ধান পাওয়া যায়। পুলিশের দাবি, কিশোরটি রোবটটি একটি গাড়ির পেছনে রেখেছিল। সেখান থেকে রোবটটি জব্দ করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, দুই তরুণ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করেন। তাদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির চলাচল নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের প্রকাশিত একটি ছবিতে রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট দেখা গেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্য নিয়েও সতর্ক করেছে পুলিশ। ফেসবুকে দেওয়া পরবর্তী এক পোস্টে পুলিশ জানায়, মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।