১৪ অক্টোবর ২০২৬, ১০:০১

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও  © সংগৃহীত

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও। মঙ্গলবার (১৩ অক্টোবর) তার ডান ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি জানিয়েছে ভ্যাটিকান। ৭১ বছর বয়সী পোপের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যগত ধাক্কা। খবর রয়টার্সের

ভ্যাটিকানের মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, পোপ লিওর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা ধরা পড়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় নেওয়া টিস্যুর পরীক্ষায় চিকিৎসকদের আগের সন্দেহের সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন পোপ লিও। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ফুসফুসে একটি অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত করেছিলেন চিকিৎসকেরা। সেটি অপসারণের জন্যই তাঁর অস্ত্রোপচার করা হয়।

পোপের প্রধান সার্জন ডা. স্টেফানো মার্গারিতোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইজি কারবোনে এক বিবৃতিতে জানান, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট ধরে চলে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি।

তারা বলেন, ‘অস্ত্রোপচারটি যেন রোগ নিরাময়ে কার্যকর হয়, সে জন্য ভিডিও-সহায়তাপ্রাপ্ত পদ্ধতিতে ডান ফুসফুসের নিচের খণ্ডটি অপসারণ করা হয়েছে।’ তাঁদের বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচারের লক্ষ্য ছিল ক্যানসার আক্রান্ত সব টিস্যু অপসারণ করা।

মানুষের ফুসফুসে মোট পাঁচটি খণ্ড রয়েছে। এর মধ্যে ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুটি খণ্ড থাকে। তবে পোপের ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে হলে টিউমারের আকার এবং ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না, তা জানা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসাবিশেষজ্ঞরা। ভ্যাটিকান তাৎক্ষণিকভাবে এ তথ্য প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ এবং মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অনকোলজি বিভাগের প্রধান ডা. স্টিফেন লিউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রোগ নির্ণয় করা গেলেও ক্যানসারটি কোন পর্যায়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। রোগের পূর্বাভাস ও চিকিৎসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘যদি ফুসফুসের ক্যানসারটি ছোট হয় এবং লসিকাগ্রন্থিতে ছড়িয়ে না পড়ে, তাহলে শুধু অস্ত্রোপচারের মাধ্যমেই রোগটি নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত পরীক্ষায় ক্যানসারের বিস্তার বেশি পাওয়া গেলে রোগের পূর্বাভাস তুলনামূলক খারাপ হতে পারে।’

অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান এবং পরে হাসপাতালের কক্ষে ফিরে বিশ্রাম নেন বলে ভ্যাটিকানের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। এর আগে ভ্যাটিকান জানিয়েছিল, পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। তাঁর সব জনসম্মুখের কর্মসূচি ২০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।

অস্ত্রোপচারের আগে মঙ্গলবার দুপুর ১টার কিছু আগে ভ্যাটিকান থেকে জেমেলি হাসপাতালের উদ্দেশে রওনা হন পোপ। কালো একটি এসইউভির পেছনের আসন থেকে তাঁকে সমবেত মানুষের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। ভ্যাটিকান থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরে অবস্থিত হাসপাতালটিতে পৌঁছানোর পর তিনি কয়েকজন কর্মকর্তার সঙ্গে হাত মেলান। পরে শুভাকাঙ্ক্ষীদের ভিড়ের মধ্য দিয়ে হাসপাতালের মূল প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করেন।

২০২৫ সালের মে মাসে বিশ্বের ক্যাথলিক কার্ডিনালদের ভোটে পোপ নির্বাচিত হন লিও। ৭১ বছর বয়সী এই ধর্মগুরু গির্জার নেতাদের মধ্যে তুলনামূলক তরুণ। তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা পছন্দ করেন। তাঁর ধূমপানের অভ্যাস বা সাম্প্রতিক সময়ে বড় কোনো স্বাস্থ্য সমস্যার ইতিহাস জানা যায়নি।

পোপ লিওর পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিস জীবনের শেষ বছরগুলোতে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

পোপ লিওর ব্যস্ত কর্মসূচির মধ্যে আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে ১১ দিনের সফরের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিতে সফরটি অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রবার্ট প্রেভোস্ট নামে জন্মগ্রহণ করেন পোপ লিও। পোপ নির্বাচিত হওয়ার আগে তিনি কয়েক দশক ধরে পেরুতে ধর্মপ্রচারক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তরুণ যাজক থাকাকালে পেরুর চুলুকানাসে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

পেঙ্গুইন পেরুর প্রকাশিত একটি বইয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পোপ লিও জানিয়েছিলেন, সে সময় তাঁর ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি ঈশ্বরের কাছে আর কষ্ট না দিয়ে তাঁকে মৃত্যু দেওয়ার প্রার্থনা করেছিলেন। সুস্থ হয়ে ব