১২ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন

ইসরায়েলের উত্তরাঞ্চলে বিকট শব্দে বিস্ফোরণ  © সংগৃহীত ছবি

লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে প্রায় ২০ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে নে’ওত মরদখাই এলাকার কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে চিকিৎসাকর্মীরা গুরুতর ও মাঝারি অবস্থায় থাকা আটজনসহ আরও কয়েকজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছিলেন। অন্য আহতদের অবস্থা তুলনামূলক কম গুরুতর।

পুলিশের ভাষ্য, লেবানন সীমান্তের কাছে কিবুতজ মানারা ও কিবুতজ ইয়িফতাখের মধ্যবর্তী নে’ওত মরদখাই এলাকার কাছে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত।

ঘটনার পর কিরিয়াত শমোনা থানার পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন। বিস্ফোরণের কারণ ও উৎস অনুসন্ধানে কাজ করছেন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা। আল জাজিরার রামাল্লা প্রতিনিধি নুর ওদেহ জানান, লেবানন সীমান্তবর্তী এলাকায় পিকনিক বা হাঁটতে যাওয়া কয়েকজন ইসরায়েলির আশপাশে বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

নুর ওদেহ বলেন, ঠিক কী ঘটেছে বা বিস্ফোরণের উৎস কী, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি উত্তর ইসরায়েল, বিশেষ করে আপার গ্যালিলি ও লেবানন সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘গত তিন বছরে এই অঞ্চলে হাজার হাজার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। সেখানে এখনো ইসরায়েলি সামরিক বাহিনী মোতায়েন রয়েছে এবং সামরিক অভিযান চলছে।’

বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক মহলেও তীব্র তৎপরতা দেখা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পূর্বনির্ধারিত একটি রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।