মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ থেকে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখাও ওয়াশিংটন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়ায় তাদের আটক করা হয়। এ সময় ইমরান-লেখাওসহ ৪০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন স্থানে এ আটকের ঘটনা ঘটে। অনুমতি ছাড়া জমায়েত ঠেকাতে পুলিশ এ পদক্ষেপ নেয়।
আটক হওয়ার আগে বার্তা সংস্থা এএনআইকে ইমরান খান বলেন, তিনি দেশের একজন নাগরিক হিসেবে বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘আমার কোনো দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে এসেছি, এমন একজন মানুষ হিসেবে, যিনি এই শহরে বসবাস করেন। আমি দেখতে এসেছি, কেন মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠস্বর দমন করা হচ্ছে। এ কারণেই আমি এখানে এসেছি। কারও কাছে দাবি জানানোর অবস্থানে আমি নেই। আমি কোনো সংগঠনেরও অংশ নই। আমি শুধু একজন প্রতিনিধি হিসেবে এখানে এসেছি...।’
ইমরানের সঙ্গে তার চাচাতো বোন জেইন মেরিকেও আটক করা হয়। পরে তিনি পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘রানঝোরে কা রাঠোর? এত কাছাকাছি।’
ইমরানের প্রথম সিনেমা ‘জানে তু ইয়া জানে না’-এর একটি চরিত্রের প্রতি ইঙ্গিত করে এ ক্যাপশন দেন জেইন। ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে জয় সিং রাঠোর চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। সিনেমাটিতে তার চরিত্রকে ঘিরে কারাগারের একটি স্মরণীয় দৃশ্যও রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিবর্তন এবং ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফরম-৬ সংক্রান্ত পরিবর্তন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে দলটি।
২০০৮ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে প্রধান অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় ইমরান খানের। আব্বাস তায়ারেওয়ালার পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেন আমির খান। এতে ইমরানের বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া ডি’সুজা। সিনেমাটি তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় এবং ইমরানকে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।
এরপর ‘কিডন্যাপ’, ‘লাক’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্রেক কে বাদ’, ‘দিল্লি বেলি’ ও ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। বিশেষ করে ‘আই হেট লাভ স্টোরিজ’ ও ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর মাধ্যমে ২০০০-এর দশকের শেষভাগ ও ২০১০-এর দশকের শুরুর দিকে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন ইমরান।
‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা!’ ও ‘কাট্টি বাট্টি’র মতো সিনেমায় অভিনয়ের পর বেশ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। পরে অভিনয়ে ফেরার আলোচনা ও নতুন সিনেমায় কাজ করার সম্ভাবনাকে ঘিরে আবারও আলোচনায় আসেন ইমরান খান। সম্প্রতি বীর দাসের ‘হ্যাপি প্যাটেল’ সিনেমায় দেখা গেছে তাকে।