১০ অক্টোবর ২০২৬, ১৩:৫৭

এবার তুষার গান্ধী আটক

তুষার গান্ধী  © সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে সমাবেশে যোগ দেওয়ার আগে আটক হয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও সমাজকর্মী তুষার গান্ধী। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের বান্দ্রা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ডিএন নগর থানায় নেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার 

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তুষার গান্ধীর। তিনি ‘হাম ভারত কে লোগ’ নামের সংগঠনের প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি মুম্বাইয়ের নাগরিকদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, তুষার গান্ধীর পাশাপাশি সমাজকর্মী ফিরোজ মিথিবোরওয়ালাকেও তার বাসা থেকে আটক করা হয়। তাকে মুম্বাইয়ের এমআইডিসি থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মুম্বাই পুলিশের জোনাল ডেপুটি কমিশনার রাগাসুধা আর জানান, সমাবেশের অনুমতি চেয়ে গামদেবী থানায় কোনো আবেদন জমা পড়েনি। ফলে কর্মসূচির জন্য আনুষ্ঠানিক অনুমতিও দেওয়া হয়নি। পুলিশের দাবি, মুম্বাই হাইকোর্টের একটি আদেশ অনুযায়ী আগস্ট ক্রান্তি ময়দান নির্ধারিত বিক্ষোভস্থল নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে।

তুষার গান্ধীকে আটক করার ঘটনা এমন সময় ঘটল, যখন দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভের কর্মসূচি ছিল। ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের আবেদনপত্র ফর্ম-৬–সংক্রান্ত পরিবর্তন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

এদিকে, সিজেপির কর্মসূচি ঘিরে দিল্লিতেও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।