দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শতাধিক
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ ঠেকাতে ৬০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ২৫০টির বেশি ট্রেন চলাচল বাতিল এবং ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার
শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বিক্ষোভ শুরুর আগের রাতে হরিয়ানার গুরুগাও থেকে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা প্রকাশ্যে আসতেই দিল্লী আসার মুখে উড়োজাহাজ থেকে আটক হন ককরোচ জনতা পার্টি প্রধান অভিজিৎ দীপকে। অভিজিৎ দীপকের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের সদস্যরা উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তাদের আটক করছেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপির নেতাদের কথা-কাটাকাটি হয়। উড়োজাহাজ থেকে নামার আগেই কেন তাদের আটক করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
কেন এই বিক্ষোভ?
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন নিয়ে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ তুলেছে সিজেপি। তাদের দাবি, ভোটার তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই ঘটনার দায় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তারা। শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় জমায়েতের পরিকল্পনা ছিল সংগঠনের।
কিন্তু দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিক্ষোভকারীদের আটকানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী জুড়ে ইতিমধ্যেই ৪০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। যন্তর মন্তরে যাওয়ার পথে বসানো হয়েছে অন্তত সাত স্তরের ব্যারিকেড। কয়েকটি ব্যারিকেড আরও মজবুত করতে জোড়া হয়েছে ধাতব কাঠামো দিয়ে।