০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা

নোবেল শান্তি পুরস্কার ও ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

এবারের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে নিজের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় তিনি বেশি কাজ করেছেন। পুরস্কার না পেলে নরওয়েজিয়ান নোবেল কমিটির জন্য তা বড় অসম্মানের হবে বলেও মন্তব্য করেন তিনি। খবর টাইম ম্যাগাজিনের

ট্রাম্পের দাবি, তিনি বিশ্বকে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা তার অন্যতম অর্জন। তবে নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী কে হবেন, তা নিয়ে রয়েছে নানা জল্পনা।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এ বছর পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।

এবারের পুরস্কারের আলোচনায় থাকা কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন-

সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস
সুদানের গৃহযুদ্ধের মধ্যে সাধারণ মানুষকে খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানসিক সহায়তা দিয়ে আসছে ইমার্জেন্সি রেসপন্স রুমস (ইআরআর)। দেশটির ১৮টি রাজ্যে প্রায় ৭০০টি দলের মাধ্যমে ২৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন। মানবিক সহায়তা দিতে গিয়ে তাঁদের অনেকে আটক ও নির্যাতনের শিকার হয়েছেন। পলিমার্কেটের পূর্বাভাসে এ উদ্যোগের পুরস্কার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে কানাডার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বহুমুখী করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চীন ও ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সমালোচনা করেন তিনি। পলিমার্কেটের পূর্বাভাসে তাঁর পুরস্কার পাওয়ার সম্ভাবনা ১ শতাংশ।

পোপ চতুর্দশ লিও
বিশ্বজুড়ে সংঘাত বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপের পক্ষে বারবার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। গাজা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান সংঘাত নিয়েও তিনি শান্তির আহ্বান জানান। যুদ্ধ ও অস্ত্রের ব্যবহার নয়, বরং দায়িত্বশীল সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। পলিমার্কেটের পূর্বাভাসে তাঁর সম্ভাবনা ১ শতাংশ।

মাইকোলা কুলেবা
ইউক্রেনীয় শিশুদের উদ্ধার ও পরিবারের সঙ্গে পুনর্মিলনে কাজ করছেন ‘সেভ ইউক্রেন’-এর সহপ্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা। সংগঠনটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৭৬৩ শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করা হয়েছে। শিশুদের অধিকার রক্ষা ও মানবিক কার্যক্রমে অবদানের কারণে তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। পলিমার্কেটের পূর্বাভাসে তাঁর সম্ভাবনা ৯ শতাংশ।

ইউলিয়া নাভালনায়া
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া স্বামীর মৃত্যুর পর গণতন্ত্র প্রতিষ্ঠা ও রুশ সরকারের বিরোধিতায় সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি রাশিয়াকে একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। পলিমার্কেটের পূর্বাভাসে তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা ৫ শতাংশ।