মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
ভারতে ১৭ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত একটি বিমানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদেই লখনৌতে অবতরণ করেছে বিমানটি। এতে থাকা ১০৪ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্যের সবাই নিরাপদে আছেন। ঘটনার পর বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে। বিষয়টি তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারের রাজধানী পাটনা থেকে উত্তর প্রদেশের লখনৌ যাওয়ার পথে ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১০৪ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। নির্ধারিত সময়ের আট মিনিট আগেই বিমানটি লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন। ১৭ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত অবস্থায় বিমানটিতে বজ্রপাত হয়। পরে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। ঘটনার পর সেটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।
ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, ‘বুধবার (৭ অক্টোবর) পাটনা থেকে লখনৌগামী ইন্ডিগোর ৬ই ৬২৫ ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। অবতরণের সময় শিলাবৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে বিমানের রেডোম ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রী লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়েছে। বিমানটির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর এটি আবার চলাচল শুরু করবে।’
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে বিমানে বজ্রপাত হলেও পাইলট বা বিমানকর্মীরা তা বুঝতে পারেননি। বিমানটি অবতরণের পর সামনের নাকের অংশ পরীক্ষা করতে গিয়ে তারা বুঝতে পারেন, বিমানের ওপরই বজ্রপাত হয়েছিল।
বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বজ্রপাত হচ্ছে বুঝতে পেরে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেছিলেন। তবে এতে বিমানের কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। সাধারণত বিমানের সামনের অংশেই আবহাওয়ার রাডার ইনস্টল করা থাকে। বজ্রপাতে সেটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) তদন্ত শুরু করেছে। নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পরই বিমানটিকে আবার চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে গত মাসে বেঙ্গালুরুর উদ্দেশে উড্ডয়ন করা ইন্ডিগোর একটি বিমান কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় লেজ মাটিতে আঘাত করার ঘটনা ঘটে। ইন্ডিগো ঘটনাটি নিশ্চিত করে জানায়, এ৩২১নিও মডেলের বিমানটি অবতরণের সময় ‘অস্বাভাবিকভাবে রানওয়ের সংস্পর্শে’ আসে। ওই ঘটনার পরও বিমানটি গ্রাউন্ডেড করা হয়। ইন্ডিগো এ ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করেছিল।
এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছিল, ‘গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে পরিচালিত ইন্ডিগোর ৬ই ৬৫৪২ ফ্লাইটটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঝোড়ো আবহাওয়ার মধ্যে অবতরণের সময় ‘অস্বাভাবিকভাবে রানওয়ের সংস্পর্শে’ আসে।’