আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
ভারতের বেঙ্গালুরুতে এসআইআর-এর বিরুদ্ধে আজ বৃহস্পতিবারের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন ইউটিউবার ধ্রুব রাঠী। অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ বুধবার সকালে সমাজমাধ্যমে দেওয়া এক ভিডিওতে এ ঘোষণা দিয়েছেন। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে প্রকাশ রাজের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
বুধবার সকালে প্রকাশ রাজ একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন, এসআইআরবিরোধী এই কর্মসূচিতে বিশেষ একজন অতিথি উপস্থিত থাকবেন। পরে আরেকটি ভিডিওতে সেই অতিথির নাম প্রকাশ করেন তিনি। প্রকাশ রাজ জানান, ধ্রুব রাঠী এই কর্মসূচিতে যোগ দেবেন।
ধ্রুব রাঠীর উপস্থিতির কথা জানিয়ে প্রকাশ রাজ বলেন, ‘সকালের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম, বিশেষ এক অতিথির কথা জানাব। এমন এক কণ্ঠ, যার মেরুদণ্ড রয়েছে। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে যিনি আমাদের সঙ্গে যোগ দেবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন ধ্রুব রাঠী। বেঙ্গালুরুতে এই প্রথম ধ্রুব রাঠী। এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে আয়োজিত এই প্রতিবাদে তিনি আমাদের পাশে থাকবেন।’
এরপর প্রতিবাদ কর্মসূচিতে আরও বেশি মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান প্রকাশ রাজ। তিনি বলেন, ‘অনেক বেশি সংখ্যায় আসুন। সেখানে যে সব আরশোলা থাকবে, তাঁদের পাশে দাঁড়ান। ঐশী ঘোষ থাকবেন, নেহা বোরাও থাকবেন। বিভিন্ন তরুণ সংগঠন থাকবে। নাগরিক সমাজের প্রতিনিধিরাও থাকবেন। কর্নাটকের বিভিন্ন জেলা থেকে যাঁরা এই প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরাও থাকবেন। আসুন, সবাই একসঙ্গে সরব হই।’
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আজ ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নেবেন।
এর আগে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রকাশ রাজ বলেছিলেন, ‘সকলে আসুন। এই গুরুত্বপূর্ণ প্রতিবাদ এবং জনতার আদালতে যোগ দিন। এই প্রক্রিয়া দেশের প্রতিটি নাগরিকের মধ্যে যে আতঙ্ক ও মানসিক চাপ তৈরি করেছে, তা নিয়েই প্রশ্ন তুলতে হবে।’
এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রকাশ রাজ আরও বলেছিলেন, ‘এটি শুধু ভোটের প্রশ্ন নয়। এটি গণতন্ত্র এবং সংবিধানের উপর আঘাতের চেষ্টা। তাই অনেক বেশি সংখ্যায় সকলে আসুন।’