০৪ অক্টোবর ২০২৬, ১৭:৩০

স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া

প্রতীকী ছবি  © সংগৃহীত

ইউক্রেনের অনুরোধে রাশিয়ার নতুন রাশভেত স্যাটেলাইট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করা হলে তা ধ্বংসের শামিল হবে এবং এর পরিণতিতে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। রবিবার (৪ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। খবর আনাদোলু এজেন্সির।

মেদভেদেভ বলেন, ‘মহাকাশ খুবই ব্যস্ত একটি জায়গা। আমাদের পারস্পরিকভাবে ভদ্রতা বজায় রাখা প্রয়োজন। আশা করি, আমেরিকানরা বিষয়টি বুঝতে পারছেন। কারণ তাদের নিম্ন-কক্ষপথের স্টারলিংক স্যাটেলাইটগুলো শুকিয়ে যাওয়া ক্রিসমাস গাছের অলংকারের মতো একে একে নিচে পড়ে যেতে পারে। আমাদের স্যাটেলাইট নেটওয়ার্কের কার্যক্রম যদি বাধাগ্রস্ত করা হয়, তাহলে তা ধ্বংসের শামিল হবে এবং এর ফলে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধ শুরু হতে পারে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার স্টারলিংকের বিকল্প হিসেবে তৈরি করা স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে জড়িত রুশ ও চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানোর পর মেদভেদেভ এ মন্তব্য করলেন।

শনিবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেন, রাশিয়াকে এ প্রযুক্তি তৈরিতে সহায়তা করছে চীন। তার ধারণা, রাশভেত নেটওয়ার্ক চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে কার্যকর হতে পারে।

জেলেনস্কি বলেন, ‘আমরা জানি, চীন স্যাটেলাইট নিয়ে কাজ করছে এবং রাশিয়াকে একই ধরনের স্টারলিংক ব্যবস্থায় সহায়তা করার সম্ভাবনা নিয়েও কাজ করছে।’

ইউক্রেনীয় প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই সক্ষমতা রাশিয়ার বিমান হামলার নির্ভুলতা বাড়াতে পারে। ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের মধ্যে মস্কো আকাশপথে হামলা আরও বাড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।