গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
ডেটিং অ্যাপের বদলে গুগল ফরমে জীবনসঙ্গী খুঁজছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী অ্যারিন প্যাটারসন। ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’ নামে তৈরি করা তাঁর ফরম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত এতে ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।
অবিবাহিত প্যাটারসন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে ফরমটির লিংক পিন করে রেখেছেন। প্রচলিত ডেটিং অ্যাপ ব্যবহারে অনেক সময় নষ্ট হয় বলে মনে হওয়ায় সম্ভাব্য জীবনসঙ্গীদের সম্পর্কে শুরুতেই প্রয়োজনীয় তথ্য জানতে তিনি এই পদ্ধতি বেছে নিয়েছেন।
ফরমটিতে আবেদনকারীদের পেশাগত লক্ষ্য, জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস ও সম্পর্ক নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে ধারণা এবং পারিবারিক জীবন নিয়েও রয়েছে বিভিন্ন প্রশ্ন।
এ ছাড়া আবেদনকারীদের নিজেদের প্রত্যাশা এবং কোন বিষয়গুলো তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, সেটিও জানানোর সুযোগ রাখা হয়েছে।
প্যাটারসনের ভাষ্য, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা রাতের খাবারের জন্য দেখা করতে এবং ভালোভাবে কথাবার্তা বলতে আগ্রহী। এরপর সম্পর্কটি কোন দিকে এগোয়, তা দেখার জন্য তিনি প্রস্তুত।
প্যাটারসন মনে করেন, নিজের তৈরি এই আবেদনপত্রের মাধ্যমে সম্পর্কের ব্যাপারে অনাগ্রহী বা উপযুক্ত নন—এমন ব্যক্তিদের শুরুতেই বাদ দেওয়া সহজ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর উদ্যোগকে সাহসী ও অভিনব বলে প্রশংসা করেছেন। আবার কেউ জানিয়েছেন, তাঁরাও জীবনসঙ্গী খুঁজতে একই ধরনের পদ্ধতি অনুসরণ করতে চান।