৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯

ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি অবতরণ

ইসরায়েলগামী উড়োজাহাজটি  © সংগৃহীত

ককপিটে পাইলটদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির জেরে দুবাই থেকে উড্ডয়নের মাত্র ২ ঘণ্টার পর সৌদি আরবে জরুরি অবতরণ করেছে ইসরায়েল অভিমুখী একটি উড়োজাহাজ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উড়োজাহাজ ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের দুই ঘণ্টার কিছু বেশি সময় পর তেল আবিবগামী উড়োজাহাজটি সৌদি আরবের আকাশসীমায় অত্যন্ত দ্রুত নিচে নামতে শুরু করে। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে উড্ডয়ন করার পর উড়োজাহাজটি ৩৪ হাজার ফুট (১০ হাজার ৪০০ মিটার) উচ্চতায় উড়ছিল বলে রেকর্ড করা হয়। তবে এরপর দুই মিনিটেরও কম সময়ে উড়োজাহাজটি ১৭ হাজার ফুটের (৫ হাজার ২০০ মিটার) বেশি নিচে নেমে যায়। প্রায় ১০ মিনিট পর উড়োজাহাজটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়। এরপর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত উড়োজাহাজটির উচ্চতায় উল্লেখযোগ্য ওঠানামা হয়েছে।

ইসরায়েল হায়োমকে দেওয়া এক সাক্ষাৎকারে উড়োজাহাজটির এক নারী যাত্রী জানান, বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করলে যাত্রীরা খুবই উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হন। আমরা বুঝতে পেরেছিলাম, পাইলটরা উড়োজাহাজটির নিয়ন্ত্রণ হারিয়েছেন। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে চিৎকার করতে থাকেন।’

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ঘটে যাওয়া ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেছে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।