বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে ভারত, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ক কোর্স আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। যেখানে নির্বাচিত সাংবাদিকরা ভারত সরকারের পূর্ণাঙ্গ অর্থায়নে হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে গিয়ে প্রশিক্ষণ নেবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুকে বিজ্ঞপ্তিতে এই কোর্সের ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভারতীয় হাইকমিশন আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকগণের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)’ বিষয়ক একটি সক্ষমতা-বৃদ্ধি বিষয়ক কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যেটি ২৫–৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত হায়দ্রাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
সেখানে আরও জানানো হয়, ‘এই কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকগণের জন্য প্রণয়ন করা হয়েছে। এটি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে
কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যহারিক দক্ষতার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে। এই কর্মসূচির আওতায় হায়দ্রাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্ট-আপ ও উদ্যোক্তাগণের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণও অন্তর্ভুক্ত থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।’
এই কোর্সের অর্থায়ন নিয়ে ভারতীয় দূতাবাস জানায়, ‘নির্বাচিত সাংবাদিকগণের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। উল্লিখিত ক্ষেত্রসমূহে ৫–১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণ নিচে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারেন। নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীগণকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।’
আবেদন করার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আবেদন করুন এখানে