১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক।  © ফাইল ছবি

ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় উঠেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি এ তথ্য জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকের পর এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় অবশ্যই এ ধরনের বিষয় নিয়ে বোঝাপড়া ও আলোচনা অব্যাহত রয়েছে।’

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘উভয় দেশের স্বার্থ রক্ষার স্বার্থেই আমরা বিষয়টি একান্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে আমরা বিষয়টি অগ্রাধিকার তালিকাতেই রেখেছি।’

প্রত্যর্পণের বিষয়ে আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে (প্রত্যর্পণের দাবি) আমাদের বোঝাপড়া রয়েছে, তবে আমাদের খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বও বজায় রাখতে হবে।’

২০১৬ সালে ভারত সরকার জাকির নায়েক ও তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। পরে তাকে দেশটিতে স্থায়ী বসবাসের (পিআর) অনুমতি দেওয়া হয়।