নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক
নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায় অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। টেকুতে অবস্থিত কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। খবর নেপাল নিউজের
পুলিশ জানিয়েছে, থামেল এলাকায় বিদেশি নাগরিকদের বৈধ অনুমতি ছাড়া বসবাসের তথ্য পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল ডি ভেদা ও হোটেল আল রহমানসহ কয়েকটি স্থান থেকে ওই ১০ বাংলাদেশিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহামুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), এমডি-কেরামত আলী খান (৩০), শহীদুর রহমান (৩০), এমডি খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), এমডি মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)। তারা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি-২৬-এর থামেল এলাকায় বসবাস করছিলেন।
বিদেশি নাগরিকদের অবৈধভাবে অবস্থানের বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। পরে আটক ১০ জনকেই আরও তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কালিকাস্থানে অবস্থিত ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।