১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪

মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।  © ফাইল ফটো

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একযোগে চারটি শিল্পাঞ্চলের ৪০টি কারখানায় চালানো এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১ হাজার ১৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। তবে আটকদের মধ্যে সুনির্দিষ্টভাবে কতজন বাংলাদেশি রয়েছেন, তা এখনও প্রকাশ করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার চারটি শিল্পাঞ্চল বা ফ্যাক্টরি এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের ৭১৫ জন কর্মকর্তার সঙ্গে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও দেশটির সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় মোট ২ হাজার ১৫৯ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ১ হাজার ১৯৬ জনকে আটক করা হয়।

আটকদের বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।

এদিকে অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে ৩৭ জন মালয়েশিয়ান নাগরিক ও নিয়োগকর্তাকে তদন্তের স্বার্থে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশটিতে অবৈধ অভিবাসীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ নথিপত্র সব সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।