০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮

অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, মুখ খুললেন ১০ ছাত্রী

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক অধ্যাপকের বিরুদ্ধে অন্তত ১০ জন ছাত্রীকে যৌন হেনস্থা করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) কাছে লিখিত অভিযোগ দায়েরের পর ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের ভেতরে নিজের সরকারি ফ্ল্যাটে ডেকে পাঠিয়ে ছাত্রীদের সাথে অশালীন আচরণ করা এবং ক্লাস চলাকালীন ও মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণের সময় যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

গত মে মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা চলাকালে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার সূত্র ধরে ভুক্তভোগী এক ছাত্রী মুখ খোলেন। তাকে সমর্থন জানিয়ে পরবর্তীতে আরও একাধিক ছাত্রী নিজেদের কটু অভিজ্ঞতার কথা তুলে ধরে আইসিসির কাছে সম্মিলিত অভিযোগ জমা দেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

উল্লেখ্য, জেএনইউতে শিক্ষকের বিরুদ্ধে এমন ঘটনা এটিই প্রথম নয়; এর আগে ২০২৪ সালের মে মাসে এক জাপানি কূটনীতিককে যৌন হেনস্থার দায়ে তদন্ত শেষে গত বছর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপককে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ।