০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩

শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘোষণা পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষার্থীদের এবার ‘এক দেশ, এক পরিচয়পত্র’ চালু হচ্ছে  © এই সময়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষার্থীদের এবার ‘এক দেশ, এক পরিচয়পত্র’ (ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি) বা ‘আপার আইডি’ তৈরি ও নথিভুক্তের কাজ দ্রুত শেষের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এ কর্মসূচি কার্যকরে জেলা শিক্ষা কর্মকর্তাদের (ডিইও) বিশেষ কর্মশালা আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

ছাত্র-ছাত্রীদের অভিভাবকের অনুমতি ছাড়া এ পরিচয়পত্র তৈরি করা যাবে না। সে কারণে জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী ‘পেরেন্টাল কনসেন্ট ফর্ম’ ছাপিয়ে স্কুলে স্কুল‍ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে দু’দিনের যে কর্মশালা আয়োজিত হয়, সেখানে প্রতিটি জেলায় একজন নোডাল শিক্ষক ও একজন এমআইএস কো-অর্ডিনেটরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তারাই এখন নিজ নিজ জেলায় প্রশিক্ষণ ও কার্য সম্পাদনের মূল দায়িত্বে থাকবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত এসওপি অনুমোদন পেলে, তা দ্রুত প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে  জানানো হয়েছে। প্রতিটি জেলার অন্তত দুটি স্কুলে ও দুটি শ্রেণির পড়ুয়া এবং তাদের অভিভাবকদের (৬০ জন বা তার বেশি) নিয়ে এনরোলমেন্ট ক্যাম্প করার কথা বলা হয়েছে। খবর: এই সময়।

আরও খবর: নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছে ১০০ শতাংশ

সোমবার থেকে সার্কেল ভিত্তিক ক্যাম্পের আয়োজন করতে বলা হয়েছে। প্রতিটি সার্কেল থেকে দুটি করে নির্বাচিত স্কুলে নোডাল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন অন্তত ৫০ জন শিক্ষার্থীর নাম নথিভুক্ত হবে। রাজ্যের প্রতিটি স্কুলে ১০ সেপ্টেম্বর থেকে এ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিদিনের কাজের অগ্রগতির হিসেব রাখতে অনলাইন রিপোর্ট সংগ্রহ করবেন জেলা শিক্ষা কর্মকর্তারা। প্রতিটি স্কুল নিজেরাই তালিকা করবে, তারপর সেই তথ্য সার্কেল স্তরে জমা হবে। সব শেষে সার্কেল থেকে জেলা শিক্ষা দপ্তরের কাছে পৌঁছাবে বলে জানানো হয়েছে।