অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধুরী
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে নতুন মাইলফলক গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী। সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার কাউন্সিল কক্ষে আনুষ্ঠানিক শপথের মধ্য দিয়ে নতুন দায়িত্ব নিয়েছেন মাসুদ।
শপথ অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর মাসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ডেপুটি মেয়র কেবল পদবি নয়, এটি নাগরিক সেবার বড় দায়িত্ব। এতে কাজের পরিধি ও জবাবদিহি দুটিই বাড়ে। ক্যাম্পবেলটাউন বহু সংস্কৃতির নগরী; এখানে ৭৩টি ভাষার মানুষ বাস করেন। ডেপুটি মেয়র হিসেবে সবার অধিকার ও স্বার্থ রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য।’
নতুন দায়িত্বে নিজের শিকড়ের কথাও তুলে ধরেছেন মাসুদ। তিনি বলেন, ‘জন্ম বাংলাদেশে হওয়ায় নাড়ির টান সব সময়ই থাকবে। স্থানীয় আইন মেনে ক্যাম্পবেলটাউনের আবাসনসংকট নিরসন, পরিকল্পিত উন্নয়ন এবং বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।’
মাসুদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। সিডনির বার্ডিয়ার বাসিন্দা সাজিদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পবেলটাউনের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে কমিউনিটির প্রতিনিধিকে এই পদে দেখা গর্বের। এই অর্জন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতি ও নেতৃত্বে যুক্ত হতে উৎসাহিত করবে।’