যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেনা কমান্ডার
সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলা চলাকালে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুদেশের ২০০টিরও বেশি বিমান ও ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির ‘বিমান প্রতিরক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উচ্চপদস্থ সেনা কমান্ডাররা এই তথ্য নিশ্চিত করেন।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি জানান, দেশে তৈরি এসব সামরিক প্রযুক্তির কার্যকারিতা ও গোপনীয়তা অত্যন্ত উচ্চমানের ছিল। ফলে শত্রু বাহিনী বুঝতেই পারেনি ঠিক কোন ব্যবস্থা থেকে তাদের বিমানে নিখুঁত আঘাত হানা হয়েছিল।
ইরানি সামরিক কর্মকর্তারা জানান, কৌশলগত আকাশসীমা সুরক্ষায় মরুভূমি, উপকূলীয় এলাকা, পাহাড়ি অঞ্চল ও দ্বীপসহ দেশের প্রায় ৩,৮০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও দুর্গম স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় বসানো রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত উড়োজাহাজ বা ড্রোন শনাক্ত হওয়ার মুহূর্তেই তা ধ্বংস করার পূর্ণ সক্ষমতা রয়েছে এই নেটওয়ার্কের। সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি অনুষ্ঠানে দৃঢ় বার্তা দিয়ে জানান, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় ইরানের জনগণ আগামী ২০ প্রজন্ম ধরে সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ একাধিক স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হন। ওই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরাইলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে তেহরান।