২৯ আগস্ট ২০২৬, ১১:৩৫

হোস্টেলে মিলল মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ

অভিষেক কুমার  © আনন্দবাজার

ভারতের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে মেডিকেল পড়ুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিহার থেকে তিনি ডাক্তারি পড়তে এসেছিলেন পশ্চিমবঙ্গে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তার প্রতিবেদন এলেই মৃত্যুর কারণ বোঝা যাবে। যদিও ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পুলিশ পায়নি।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। কলেজের হোস্টেলেই থাকতেন। তাঁর সঙ্গে একই ঘরে থাকতেন এক সহপাঠীও।

পুলিশ সূত্রে খবর, সহপাঠী যুবক নমাজ পড়তে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘর বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে যুবকের সাড়া মেলেনি। এরপর তিনি কলেজ ও হোস্টেল কর্তৃপক্ষকে খবর দেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন: ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হোস্টেল কর্তৃপক্ষ বিহারে তাঁর পরিবারকে খবর দিয়েছে। যদি তিনি আত্মঘাতী হয়ে থাকেন, তবে কী কারণে সে সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হোস্টেলের ঘরেও তল্লাশি চালানো হয়েছে।

সহপাঠীদের জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারীরা। কোনও কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তাঁর ওপর কোনও চাপ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুরের মেডিকেল কলেজের সহকারী জেনারেল ম্যানেজার শুভঙ্কর ভট্টাচার্য বলেন, ‘হোস্টেলের একটি ঘরে ওই শিক্ষার্থী এবং তাঁর এক সহপাঠী থাকতেন। এক জন নমাজ পড়তে গিয়েছিলেন।’

‘ফিরে এসে ডাকাডাকি করেও সাড়া পাননি। সামনে পরীক্ষা রয়েছে, সেই কারণে কোনও মানসিক চাপ থাকতে পারে। কী কারণে মৃত্যু, এখনও জানা যায়নি’, যোগ করেন তিনি।