২৮ আগস্ট ২০২৬, ১০:২৬

নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 

নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধারভিযান  © সংগৃহীত

নেপালে চীন সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে (২৮ আগস্ট) দেশটির পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে আরও লাশ উদ্ধার করায় নিহতের এই সংখ্যা দাঁড়িয়েছে এবং এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে নেপাল ও তিব্বত মিলিয়ে নিহতের সংখ্যা ৩৯০ জন নিশ্চিত করা হয়েছিল। গত বুধবারের এ আকস্মিক বন্যা ও ধসের পর নেপাল ও তিব্বত অঞ্চলে মোট নিখোঁজ মানুষের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে যায়। নিখোঁজদের মধ্যে ট্রেকিং ও তীর্থযাত্রায় যাওয়া একাধিক দেশের নাগরিক রয়েছেন।

নেপাল পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধারকারী দল ১,৫৪৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে ডজনখানি আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এখনো প্রায় ৯৭৭ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের নুওয়াকোট জেলা, যেখানে বাড়িঘর ও সড়ক কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে। অন্যদিকে তিব্বতের শিগাতসে অঞ্চলে একটি দুই লেনের সড়ক নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। 


স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সীমান্ত এলাকায় পাহাড়ি ধসে তৈরি হওয়া একটি কৃত্রিম হ্রদের পানি ক্রমেই বাড়ছে, যা উপচে ধসে পড়লে ভাটিতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে।