২৭ আগস্ট ২০২৬, ১৪:২৭

টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার করল নেপাল আর্মি

নেপাল সেনাবাহিনীর উদ্ধার অভিযান   © সংগৃহীত

চারদিকে তখন প্রবল পানির স্রোত আর ধ্বংসস্তূপ। বাঁচার আশায় যে যার মতো নিরাপদ জায়গা খুঁজছেন। ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যেই একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে নিজের টি-শার্ট খুলে হাওয়ায় নাড়াচ্ছিল এক কিশোর। দূর থেকে দেখলে মনে হচ্ছিল, যেন বিপদ সংকেত দিচ্ছে সে। আসলে উদ্ধারের আশায় উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা করছিল কিশোরটি। শেষ পর্যন্ত তার সেই সংকেতই কাজে আসে। নেপাল আর্মির সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে হেলিকপ্টার নিয়ে ছাদে পৌঁছান। 

প্রবল পানির স্রোত ও ধ্বংসস্তূপের মধ্যেই নাটকীয়ভাবে কিশোরটিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন তাঁরা। নেপালের ভয়াবহ হড়পা বানের মধ্যে উদ্ধারের সেই দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের পর বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল পানির তোড়ে খেলনার মতো ভেসে গেছে বাড়িঘর, রাস্তা, সেতুসহ বিভিন্ন স্থাপনা। আকস্মিক এই বানের তোড়ে অনেক মানুষ আটকা পড়েছেন বিভিন্ন জায়গায়। প্রাণ বাঁচাতে কেউ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন, আবার কেউ সাহায্যের আশায় অপেক্ষা করছেন উদ্ধারকারী দলের জন্য।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বহুতল আবাসনের ছাদে আটকে রয়েছে এক কিশোর। বাড়িটির চারপাশ দিয়ে তখন প্রবল বেগে পানির স্রোত বইছে। নিচে নামার কোনো নিরাপদ পথ নেই। চারদিকে পানি আর ধ্বংসস্তূপ। এমন পরিস্থিতিতে ছাদে দাঁড়িয়ে নিজের টি-শার্ট খুলে নাড়াতে শুরু করে কিশোরটি।

কিশোরটির উদ্দেশ্য ছিল উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করা। বিপদের মধ্যে সে বুঝতে পেরেছিল, নিচে নামার চেষ্টা করলে আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে। তাই ছাদে দাঁড়িয়েই টি-শার্ট নাড়িয়ে সাহায্যের সংকেত দিতে থাকে। অনেকটা রেললাইনে বিপদ দেখে গায়ের জামা খুলে হাওয়ায় ঘুরিয়ে দ্রুতগতিতে আসা ট্রেনের চালককে সতর্ক করার মতোই নিজের টি-শার্ট নাড়িয়ে উদ্ধারকারীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল সে।

কিশোরটির সেই বিপদ সংকেত নজরে আসে নেপাল আর্মির উদ্ধারকারী দলের। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলের দিকে রওনা দেয় নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। তবে সেখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না। চারপাশে তখন প্রবল পানির স্রোত এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ। এমন পরিস্থিতিতে বাড়িটির ছাদের কাছে হেলিকপ্টার নিয়ে যাওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তারপরও দক্ষতার সঙ্গে হেলিকপ্টারটি ওই বাড়িটির ছাদের কাছে নিয়ে যান পাইলট। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি ছাদের একেবারে কাছে পৌঁছানোর পর একজন সেনা দ্রুত কিশোরটির দিকে এগিয়ে যান। কোনো রকম সময় নষ্ট না করে তিনি কিশোরটির হাত ধরে টেনে হেলিকপ্টারের ভেতরে তুলে নেন। প্রবল পানির স্রোত আর ধ্বংসস্তূপের মধ্যে মাত্র কয়েক মুহূর্তের সেই উদ্ধার অভিযানেই প্রাণে বেঁচে যায় কিশোরটি।

ভয়াবহ হড়পা বানের মধ্যে আটকে পড়া কিশোরটির জন্য নিজের টি-শার্ট নাড়িয়ে সাহায্যের সংকেত দেওয়ার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার সেই সংকেত দেখতে পেয়েই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় নেপাল আর্মির উদ্ধারকারী দল। পরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই হেলিকপ্টার ব্যবহার করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধারের পুরো ঘটনাটি ভিডিও ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ভয়াবহ বন্যার মধ্যে কিশোরটির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকে। বিপদের মুহূর্তে নিজের টি-শার্ট খুলে নাড়িয়ে এভাবে সংকেত দেওয়ার কারণেই সে দ্রুত উদ্ধারকারীদের নজরে আসতে পেরেছিল বলে মত অনেকের।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নেপাল আর্মির উদ্ধারকারী দলের সদস্যদেরও ভূয়সী প্রশংসা করেছেন। প্রবল বন্যার মধ্যেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন তাঁরা। বিশেষ করে পানির প্রবল স্রোত ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেলিকপ্টার নিয়ে গিয়ে ওই কিশোরকে নিরাপদে তুলে আনার ঘটনাটিকে অনেকেই সাহসিকতার উদাহরণ হিসেবে দেখছেন।