ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৪ শিশু নিহত
ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) গাইনি ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর সিনহুয়ানেট ডটকমের
আজ বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে (জিএমটি ১টা ৪০ মিনিট) হাসপাতালের তৃতীয় তলার গাইনি ওয়ার্ড এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেখানে শিশুরা অবস্থান করছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ। এ সময় ওয়ার্ড থেকে কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে ঘটনাস্থলেই নয় শিশু মারা যায়। পরে অন্য কয়েকজনকে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত করছে পুলিশ।