কারাগার থেকে শিফা হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে
দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা ও শারীরিক অসুস্থতার অভিযোগের পর পাকিস্তানের সাবেক রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে । শুক্রবার (২১ আগস্ট) ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি, যদিও কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে দেশটির সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়ার পর আদালতের পক্ষ থেকে থেকে সাবেক এই ক্রিকেট তারকার জন্য এটি অন্যতম স্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে। আদালতের আদেশে কেবল হাসপাতালেই নয়, দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ থাকা ইমরানকে পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতিও দেওয়া হয়, যার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে তার বোন কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
৭৩ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীরা আদালতে জানান, ইমরান খান দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এবং কারাগারে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা পাচ্ছেন না। এমনকি সঠিক চিকিৎসার অভাবে তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে বলেও অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্ট তার জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে বিশেষ চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে এই চিকিৎসার নির্দেশ দেন।
ইমরান খানের হাসপাতালে স্থানান্তরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এড়াতে শিফা হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যারিকেড ও সাঁজোয়া যান মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। এছাড়া সুপ্রিম কোর্ট ও পিটিআই নেতৃত্বের পক্ষ থেকে সমর্থকদের হাসপাতালের সামনে কোনো ধরনের ভিড় বা রাজনৈতিক কর্মসূচি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খানের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে, যাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।