২০ আগস্ট ২০২৬, ১৩:৪২

আগুনে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার, নিশ্চয়ই করবো: দীনেশ ত্রিবেদী

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী  © সংগৃহীত

কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এ ঘটনায় যা যা করার আছে, ভারতীয় কর্তৃপক্ষ তা করবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ আট বাংলাদেশি নিহত হন।

এ ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘খুব দুঃখের কথা। যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করবো।’

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না এবং বিষয়টি তদন্ত করা হবে কি না—সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে কোনো জবাব দেননি ভারতীয় হাইকমিশনার।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটা শুধু বলেছেন। তারা আশা করছেন তিনি (প্রধানমন্ত্রী) যাবেন।’